
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি তিন বছর পর ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার পর পদ বাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করছেন পদবঞ্চিতরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল। শাটল ট্রেনও বন্ধ রয়েছে। এই ট্রেনের চালককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৩১ জুলাই) মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে ৬৯ জন সহসভাপতি, ১২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ছাত্রলীগের পদবঞ্চিতরা কমিটি পুনর্গঠনের দাবিতে অবরোধের ডাক দিয়েছেন। এ সময় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল মোড়ে বিক্ষোভ শুরু করেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের পদবঞ্চিত নেতাকর্মীরা। এর পর রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেন বিজয় গ্রুপের নেতাকর্মীরা। এদিকে অবরোধের কারণে ক্যাম্পাস থেকে নগরীর উদ্দেশ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কোনো বাস ছেড়ে যায়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও আটকে দেওয়া হয়েছে।
আন্দোলনরত নেতাকর্মীদের দাবি, বিজয় গ্রুপের আরেক নেতা ও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইলিয়াসকে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে।
পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদ পাওয়া বিজয় গ্রুপের নেতা নজরুল ইসলাম সবুজ বলেন, এখানে অসংখ্য ত্যাগী, পরিশ্রমী ও যোগ্য ছেলেরা কমিটিতে বাদ পড়ছে। ওরা ওদের মূল্যায়নের দাবিতে অবরোধের ডাক দিয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, কর্মীরা পদবঞ্চিত হয়ে ছাত্রলীগ নেতা ইলিয়াসের বহিষ্কারের দাবিতে আন্দোলন করছেন। আমরা সেখানে অবস্থান করছি।
ষোলোশহর রেলওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ রয়েছে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়ার পর ঝাউতলা স্টেশন আটকে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে চলাচলকারী ১৩১ নম্বর শাটল ট্রেনের দায়িত্বরত চালক (লোকোমাস্টার) ও গার্ডকে অপহরণ করার ৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন অপহরণকারীরা।
বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়েছে।
অপহৃত দুজন হলেন— গার্ড এমাদুল হক ও চালক আবু তাহের।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম পুরাতন (বটতলী) স্টেশন থেকে ছেড়ে যায় ১৩১ নম্বর শাটল ট্রেন। ট্রেনটি ঝাউতলা এলাকায় পৌঁছলে একটি সাদা রঙের প্রাইভেটকারে কয়েকজন যুবক এসে ট্রেনের গার্ড ও চালককে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাতে কমিটি ঘোষণার পর শুরু হওয়া অবরোধ সোমবার সকাল পর্যন্ত চলেছে।
-জ/অ