‘হাওয়া’ হাউজফুল
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৯:২১ পিএম

দেশের ২৪ সিনেমাহলে শুক্রবার মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’। 

ছবিটির পোস্টার, ট্রেলার এবং গান মুক্তির পর দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে মুভিটি, সামাজিক যোগাযোগমাধ্যমে রীতমেতা ঝড় ওঠে। শুধু তাই নয়, সিনেমা মুক্তির এক সপ্তাহ আগেই অগ্রিম টিকিট সোল্ড আউট হয়ে যায়।

শুক্রবার সিনেমাটি মুক্তির পর হলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে প্রত্যেকটা শো ছিল হাউজফুল। সিনেমাহলগুলোতে যেন ‘হাওয়া উৎসব’ চলছে। বেশির ভাগ দর্শকই ছবিটি নিয়ে ইতিবাচক রিভিউ দিয়েছেন।

মুক্তির প্রথম দিনেই শোবিজ অঙ্গনের বহু তারকা সিনেমাটি দেখতে হাজির হয়েছেন সিনেপ্লেক্সে। এ তালিকায় রয়েছেন আফরান নিশো, তানভিন সুইটি, নাজিয়া হোক অর্ষা, সাফা কবির, মৌসুমি হামিদ, আজমেরী হোক বাঁধন, সুনেহরা বিনতে কামাল, খায়রুল বাসার প্রমুখ। এছাড়াও ছিলেন হাওয়া সিনেমার পুরো টিম অর্থাৎ চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার প্রমুখ।

আজমেরী বাঁধন বলেন, ভালো লাগার কথা ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হয়, এই রেশ অনেক দিন রয়ে যাবে। অভিনেত্রী তানভীন সুইটি বলেন, সকাল সকাল এসে এত সুন্দর একটি সিনেমা দেখলাম! আমার কাছে মনে হয়েছে, এই “হাওয়া” সিনেমার হাওয়াকে বদলে দেবে।

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে বিকেলের শো দেখে এক দর্শক তার মন্তব্য জানাতে গিয়ে বলেন, অনেক সুন্দর ছবি। সমুদ্রে একটি নৌকার মধ্যে কী সুন্দর গল্প বলেছেন পরিচালক। মনে হচ্ছিল যেন একসুতায় মালা গেঁথেছেন।

রাজধানীর বাইরেও যেন এ হাওয়া বয়ে চলেছে। সিলেটের গ্র্যান্ড সিনেপ্লেক্সে ‘হাওয়া’ দেখে বেরিয়ে এক দর্শক তার ফেসবুকে লিখেছেন, “হাওয়া” দেখলাম সিলেটের প্রথম সিনেপ্লেক্সের প্রথম প্রদর্শনীতে। এককথায় মেজবাউর রহমান সুমনের ভালো নির্মাণ “হাওয়া”। চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষিসহ সবার অভিনয় ছিল দুর্দান্ত। হলভর্তি বেশির ভাগ দর্শককে সন্তুষ্ট প্রকাশ করতে দেখেছি।

খুলনার ৪০০ আসনের শঙ্খ সিনেমাহলে প্রতিদিন চারটি করে শো চলছে ‘হাওয়া’র। হলের দায়িত্বে থাকা কামাল হোসেন বলেন, এ পর্যন্ত তিনটি শো শেষ হয়েছে। সব কটিই হাউসফুল। সিনেপ্লেক্সগুলোর মতো এখানে অত বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়নি। তবে আগামী ১ আগস্ট পর্যন্ত বেশ কিছু আগাম টিকিট বিক্রি হয়েছে। 

স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ২৭টি শো চলছে ‘হাওয়া’র। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাসে ১৩টি, লায়ন সিনেমাসে ৮টি করে শো চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিন সব কটিই ছিল হাউসফুল। এসব প্রেক্ষাগৃহে আগামী কয়েক দিনের সব টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft