প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৯:৩৩ পিএম

বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের কিছুদিন পর জন্ম নেওয়ায় দিনাজপুরের বিরামপুরে তিন নবজাতকের নাম রাখা হয়েছিল স্বপ্ন, পদ্মা ও সেতু। গতকাল শনিবার সন্ধ্যার দিকে মারা যায় পদ্মা। সেতু ও স্বপ্ন নামের বাকি দুই নবজাতক সুস্থ আছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুগুলোর বাবা জাহিদুল ইসলাম।
পদ্মা সেতু উদ্বোধন করা হয় গত ২৫ জুন। তার পরের বেশ কয়েকদিন ধরে এই সেতু ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনই সময় গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। পদ্মা সেতুর উন্মাদনার মধ্যে তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ভালোই ছিল তিন নবজাতক। তাদের বাবা জাহিদুল ইসলাম বলেন, গতকাল আমি শিশুদেরকে সুস্থ দেখেই বাজারে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ফোনে বাড়ি থেকে জানানো হলো পদ্মা অসুস্থ হয়ে পড়েছে। এরপর আমি বাড়ি ফিরতে না ফিরতেই সে মারা যায়। বাকি দুজনের জন্য সকলের কাছে দোয়া চাই।