দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে, আশা করি সবাই অংশ নেবে: আইনমন্ত্রী
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৬:৫৪ পিএম

রাঙামাটির নব-নির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আশা প্রকাশ করে বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে এবং সবাই এ নির্বাচনে অংশ নেবে  ।
 
তিনি বলেন, দলগুলোর সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবে সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব।

রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি আদালত ভবনটির উদ্বোধন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
    
এসময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি। 

আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। এ সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবে সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব।

তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে এবং সবাই এ নির্বাচনে অংশ নেবে বলে আমি আশা করি।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আজকে বিচার বিভাগের জন্য একটি অত্যন্ত শুভক্ষণ। ২০০৭ সালে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। কিন্তু সেটি কিছুটা কাগজে পৃথকীকরণের মতোই ছিল। আদালত চালানোর জন্য যে ভৌত-কাঠামো দরকার সেগুলো তখন ছিল না।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ভৌত-অবকাঠামো নির্মাণে প্রকল্প হাতে নেয় জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ৩৩টি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়েছে, হস্তান্তর করা হয়েছে এবং সেখানে বিচারিক কার্যক্রম শুরুও হয়ে গেছে। রাঙামাটিতে আমরা ৩৪তম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধন করতে যাচ্ছি।

আনিসুল হক আরও বলেন, আপনারা সবাই জানেন, বিচার বিভাগ স্বাধীন। এ স্বাধীনতা বজায় রাখার জন্য বিচার বিভাগকে কিছু সুবিধাদি দিতে হয়। এ ভবন নির্মাণ করা হলে বিচার বিভাগ অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ করতে পারবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft