প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ১০:৪৩ এএম আপডেট: ২৪.০৭.২০২২ ১১:০৩ এএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
জানা যায়, রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা না গেলেও নিহতদের মধ্যে একজন বাসচালক ও অপরজন ট্রাকচালক।
পুলিশ সূত্র মতে, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহণের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক সল্লায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা মারে।
এতে হানিফ বাসচালক ও ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত সবাইকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুজনের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে এ দুর্ঘটনার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত পরিবহণ দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ।
-জ/অ