প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৩:৫৬ পিএম

ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ করতে বলেছেন হাইকোর্ট। যদি বন্ধ না করা হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ছয় দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির বিষয়টি নজরে নেওয়ার পর আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন- রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন্স) এ এম সালাউদ্দিন, পরিচালক (ট্রাফিক) নাহিদ হাসান খান ও সহজডটকমের ভাইস প্রেসিডেন্ট মো. জুবায়ের হোসেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
আদালত রেলওয়ে কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, কেন ট্রেনের ছাদে ওঠে লোক? এটা কী পয়সা ইনকামের পথ? ট্রেন জাতীয় সম্পদ। ট্রেন কী আপনারা গ্রাস করতে চাচ্ছেন? তখন কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ছাদে যাত্রী ওঠা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছু সীমাবদ্ধতা আছে, তবু এটা আমাদের ব্যর্থতা।
এ সময় আদালত বলেন, ছাদে বা দাঁড়িয়ে যারা যাচ্ছে তারা কী টাকা দিচ্ছে না? এটা তো দুর্নীতি। আর ছাদে যাত্রী ওঠানো বন্ধ করতে পারছেন না, এ অসহায়ত্ব প্রকাশ করলে কী দেশ চলবে? এটা কোনো কথাই না। আপনাদের দায়িত্ব পালন করতে হবে। অসম্ভব বলে কিছু নেই। এগুলো ঠিক হতে আর কতদিন সময় লাগবে? দেশ স্বাধীনের তো ৫০ বছর হয়ে গেছে। সব ক্ষেত্রে কিছু সিন্ডিকেটের কারণেই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এক পর্যায়ে সহজডটকমের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের হোসেন বলেন, অনলাইনে টিকিট পেতে পেমেন্ট করতে ১৫ মিনিট সময় থাকে। কিন্তু তিনি (রনি) এক ঘণ্টা পর পেমেন্ট করেছিল তাই তিনি টিকিট পাননি। তবে তিন দিন পর সেই পেমেন্ট করা টাকা ফেরত দেওয়া হয়েছে। এ সময় দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, সহজডটকম এটা বলে পার পেতে পারে না। গতকাল ভোক্তা অধিকার তাদের অনিয়ম পেয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে, যেখান থেকে ৫০ হাজার টাকা রনি পাবেন।
তখন সহজডটকমের ভাইস প্রেসিডেন্ট আদালতকে বলেন, আমরা ভোক্তা অধিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। পরে ট্রেনের টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী বহন বন্ধের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রেলওয়ে কর্তৃপক্ষকে আগামী ৩১ জুলাইয়ে মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আদালত।
-জ/আ