তুরস্কের বোমা হামলায় ইরাকে নিহত ৮, আহত ২৩
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১০:১৬ এএম

ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ দোহুকের এক পার্বত্য রিজোর্টে তুরস্কের হামলায় আট জন নিহত ও আরও ২৩ জন আহত হয়েছে।গতকাল বুধবার ইরাকের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, দোহুকের জাখো শহরের একটি রিজোর্টে ‘ভয়ঙ্কর আর্টিলারি বোমাবর্ষণ’ আঘাত হেনেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ও তুরস্কের মধ্যবর্তী সীমান্তে শহরটির অবস্থান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে কুর্দিস্তান অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে ১ বছর বয়সী একটি শিশুসহ কয়েকটি শিশু রয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগে পথেই ওই আট জন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

অপর এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের হাবুর সীমান্ত ক্রসিংয়ে তুরস্কের একটি নিরাপত্তা চৌকিতে পিকেকে-র দুই জন ‘জঙ্গি’ আাত্মসমর্পণ করেছে। স্থানটি জাখোর প্রায় ১০ কিলোমিটার দূরে। তুর্কি মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলার কথা উল্লেখ করা হয়নি। 

কুর্দিদের পিকেকে গোষ্ঠী ও সিরিয়ার ওয়াইপিজি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে। দেশটি নিয়মিতভাবে ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় এবং সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে সীমান্তের অপর পাশে কমান্ডোদের পাঠায়। পিকেকে ও ওয়াইপিজি, এই উভয় সংগঠনকে আঙ্কারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। 

পিকেকে ১৯৮৪ সালে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। তারপর থেকে দুপক্ষের লড়াইয়ে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। পিকেকের তৎপরতা মূলত তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল কেন্দ্রীক এবং এ অঞ্চলে নিজেদের জাতিগত আবাসভূমি গড়তে চায় তারা।

ইরাকে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ প্রতিনিধি টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে বুধবারের হামলার নিন্দা করে হামলার পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ণয়ের জন্য একটি তদন্তের আহ্বান জানিয়েছেন।


জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft