মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার
দেশের প্রথম ভূমি-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১০:১২ এএম আপডেট: ২১.০৭.২০২২ ১২:৪৩ পিএম

প্রথম ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে পঞ্চগড়। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১ হাজার ৪১৩ পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। দেশের  আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়কে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

আশ্রয়ণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পঞ্চগড়ে এক হাজার ৪১৩টি এবং মাগুরায় ৯৬টি বাড়ি হস্তান্তর করা হবে। পঞ্চগড় জেলায় পাঁচটি এবং মাগুরা জেলায় চারটি উপজেলা রয়েছে। বাড়িগুলো হস্তান্তরের মধ্য দিয়ে এ দুই জেলার সবকটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে আজ। আজ পঞ্চগড় জেলার ৪ হাজার ৮৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার ২ শতক জমির মালিকানাসহ টিনশেড পাকা ঘর পাচ্ছেন।

সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৬৭ হাজার ৮০০টি বাড়ি বরাদ্দ দেওয়ার কাজ শুরু হয়। এর মধ্যে আজ হস্তান্তর করা হবে ২৬ হাজার ২২৯টি বাড়ি। এর আগে গত ২৬ এপ্রিল ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করা হয়। আর আট হাজার ৬৬৭টি বাড়ি নির্মাণাধীন। স্থানীয় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার গৃহহীন পরিবারগুলোর কাছে এসব বাড়ি হস্তান্তর করবে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্প, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্প, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্প, পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্প এবং মাগুরার মহম্মদপুর উপজেলার জঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্পের বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।

পঞ্চগড়ের জেলা  প্রশাসক বলেন, 'ঘরগুলোর সঙ্গে বারান্দা, রান্নাঘর ও শৌচাগার সংযুক্ত আছে। পরিবারগুলোর সুপেয় পানির জন্য নলকূপ বসানো হয়েছে এবং প্রতিটি ঘরে বিনা খরচে (শুধুমাত্র সংযোগ খরচ) সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুৎ। সেই সঙ্গে সুবিধাভোগীদের নামে জমির কবুলিয়ত ও জমির নামজারী সম্পন্ন হয়েছে।' তিনি জানান আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে জেলার ৫ উপজেলায় ১ হাজার ৫৭ ভূমি ও গৃহহীন পরিবারকে, দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৩৫৯ পরিবারকে, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১ হাজার ২১ পরিবারকে ইতোমধ্যে জমিসহ ঘর দেওয়া হয়েছে।

আজ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ১ হাজার ৪১৩ পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। জেলা প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড় জেলার ৫ উপজেলার ৪৩ ইউনিয়নের প্রতিটি গ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচনে জেলার প্রতিটি গ্রাম ও হাট-বাজারে ঢোল-সহরত ও মাইকিং করে আবেদন নেওয়া হয়।

এ ছাড়া, জেলার প্রতিটি মসজিদ, অন্যান্য উপাসনালয়, জনসমাগমপূর্ণ স্থান ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচারণার মাধ্যমে ভূমি ও গৃহহীনদের কাছে আবেদন আহ্বান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলায় মোট ৪ হাজার ৮৫০ ভূমি ও গৃহহীন পরিবার খুঁজে পাওয়া যায়।

এদিকে, দেশের অন্যান্য স্থানের মতো ঠাকুরগাঁওয়েও আজ ১ হাজার ১৪৬ পরিবারের মধ্যে জমির দলিলসহ ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করা হবে। ইতোমধ্যে জেলায় প্রথম পর্যায়ে ২ হাজার ৬টি, দ্বিতীয় পর্যায়ে ২ হাজার ২৯৬টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১ হাজার ৪৬৬টি ঘর জমির দলিলসহ আশ্রয়ণ প্রকল্পের আওতায় হস্তান্তর করা হয়েছে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft