চৈত্রের মতো কাঠ ফাটা রোদের পর বৃষ্টির শীতলতা
প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ১২:৩২ পিএম

এই শ্রাবনেও চৈত্রের মতো নির্দয় কাঠ ফাটা রোদের পর স্বস্তির বৃষ্টি নিমিষেই শীতল করেছে উত্তপ্ত ধরনীকে। আগের দু'দিন হালকা বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অনুভূতি ঠিক রয়ে গিয়েছিলো। তবে আজ সকাল থেকে মেঘলা হতে শুরু করে রাজধানীর আকাশ। কিছু কিছু এলাকায় ঠান্ডা বাতাসহ বৃষ্টিও হয়েছে। এ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় রাজধানীবাসীর মধ্যে সামান্য হলেও স্বস্তি এসেছে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগ বাদে দেশের বাকি ছয় বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। এই বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমবে। আজ সকালে ঢাকা ও এর আশপাশের এলাকার ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়, হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত দুই দিন রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়। বৃষ্টির সময় কিছুটা স্বস্তি মেলে। কিন্তু পরে ভ্যাপসা গরমের অনুভূতি রয়েই যায়। আজও রাজধানীতে সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, আজ রাজশাহী ও খুলনা বিভাগ বাদ দিয়ে দেশের অন্য ছয় বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজধানী ও এর আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলেন জানান শাহীনুল ইসলাম। তিনি বলেন, এই বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকার আশপাশে অবশ্য কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। সেই তুলনায় রাজধানীতে বৃষ্টি কম।

আবহাওয়া অধিদপ্তর জুলাইয়ের গোড়াতেই বলেছিল, এ মাসে অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে। এ ছাড়া দেশের কিছু এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকা কয়েক দিন বৃষ্টিহীন ছিল। তীব্র গরমে চরম দুর্ভোগ পোহায় বিভিন্ন এলাকার মানুষ। এখন আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে বৃষ্টি বাড়তে পারে। এতে সেসব এলাকার তাপমাত্রা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বোচ্চ বৃষ্টি হয় ফেনীতে, ৮০ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft