সোনার দাম কমছে ভরিতে ১,১৬৬ টাকা
প্রকাশ: রোববার, ১৭ জুলাই, ২০২২, ১০:৪৮ পিএম

বিশ্ববাজারে দরপতনের কারণে দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২২ ক্যারেট সোনার অলংকারের ভরি (১১.৬৬৪ গ্রাম) দাঁড়াচ্ছে ৭৭ হাজার ২১৬ টাকা। নতুন দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে। 

জুয়েলার্স সমিতি আজ রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। তারা বলেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম হ্রাস পেয়েছে। তাই দেশের বাজারে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ ৭ জুলাই সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা হ্রাস করেছিল তারা। তার আগে ২২ মে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। 

দাম হ্রাস পাওয়ায় সোমবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৭৭ হাজার ২১৬ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৭৩ হাজার ৭১৬ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ২১৯ টাকা ও হলমার্ক ছাড়া সনাতন পদ্ধতির অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৭২১ টাকা।

দেশের বাজারে রোববার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ৩৮২, ২১ ক্যারেট ৭৪ হাজার ৮৮৩, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ ও সনাতন পদ্ধতির সোনা ৫৩ হাজার ৪২১ টাকায় বিক্রি হয়। তার মানে, আজ থেকে ২২ ও ২১ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৬, ১৮ ক্যারেটে ৯৩৩ ও সনাতন পদ্ধতির সোনায় ৬৯৯ টাকা হ্রাস পাচ্ছে।

বর্তমানে ২২ ও ২১ ক্যারেটের সোনার অলংকারের চাহিদা সবচেয়ে বেশি। দেড় দশক আগে ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির অলংকার বেশি তৈরি হতো। জুয়েলার্স সমিতি যেভাবে সোনার দর নির্ধারণ করে তাতে ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির পুরোনো সোনার অলংকার যাঁরা বিক্রি করতে যাবেন, তাঁরা দাম কম পাবেন।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দর অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। হলমার্ক করা ২২ ক্যারেটের রুপার অলংকারের দাম ১ হাজার ৫১৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫, ১৮ ক্যারেট ১ হাজার ২২৫ এবং হলমার্ক ছাড়া সনাতন পদ্ধতির রুপার অলংকারের দাম ৯৩৩ টাকা।


-জ/আ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft