সন্তান ও ক্যারিয়ারের মধ্যে একটিকে বেছে নিতে বলা যাবে না মাকে: মুম্বাই হাইকোর্ট
প্রকাশ: রোববার, ১৭ জুলাই, ২০২২, ৭:২২ পিএম আপডেট: ১৭.০৭.২০২২ ৮:২১ পিএম

ক্যারিয়ার নাকি সন্তান! একজন মায়ের কাছে এই প্রশ্ন খুব কঠিন। এই সঙ্ক্রান্ত এক মামলার শুনানিতে যুগান্তকারী রায় দিয়েছে ভারতের মুম্বাই হাইকোর্ট। একজন মাকে তাঁর সন্তান এবং  ক্যারিয়ারের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে কখনও বলা যাবে না, এমনটাই নির্দেশ হাইকোর্টের।

মুম্বাইয়ের এক নারী পোল্যান্ডের একটি কোম্পানিতে উচ্চপদে চাকরীর প্রস্তাব পেয়ে নিজের ৯ বছরের কন্যাসন্তানকে সেখানে সাথে  নিয়ে যেতে চেয়েছিলেন। বাধ সাধেন ওই নারীর স্বামী। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বোম্বে হাইকোর্ট ওই নারীকে তার মেয়ে সহই  পোল্যান্ডে চাকরিতে যোগদানের অনুমতি দিয়েছে।

সূত্রের খবর, পেশায় ইঞ্জিনিয়ার এক নারী ২০১৫ সাল থেকে তার সন্তানকে সাথে নিয়ে আলাদাভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি পোল্যান্ডে একটি কোম্পানিতে উচ্চপদে চাকরীর সুযোগ পান। তিনি নিজের ৯ বছরের মেয়েকে সাথে নিয়ে সেখানে যেতে চেয়েছিলেন। এরপরই মতানৈক্য আরও বাড়ে তার স্বামীর সাথে। স্বামী সন্তানকে ছাড়তে চান না। এই ঘটনার পরই মামলা দায়ের হয় হাইকোর্টে। মুম্বাই হাইকোর্ট বাবাবে নো অবজেকশন দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের কথায়, মায়েরও সন্তানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে।

এই মামলায় মুম্বাই হাইকোর্টে বলেছে, ‘শিশুকন্যার বয়স যা তাতে তার মায়ের সঙ্গেই থাকাই উচিত। আর সন্তানের জন্য মায়ের চাকরির সুযোগ প্রত্যাখ্যান করাও অনুচিত।' হাইকোর্ট আরও বলেছে, "মায়ের সঙ্গে তার অপ্রাপ্ত মেয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তিনিই তার অভিভাবক। আজকাল অনেক নারীর স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে একা সন্তান মানুষ করছেন।"

বিচারপতি ভারতী ডাংরে শুনানিতে বলেছেন, "সন্তানের বড় হওয়ার সময় বাবা ও মা উভয়ের উপস্থিতি প্রয়োজন। তবে এক্ষেত্রে পরিস্থিতি বিশ্লেষণ করে জানা গেছে, পিতা-মাতার মধ্যে যেহেতু বিষয়টি নিয়ে ঝগড়া হয়েছে এবং শিশুটি বেশ কয়েকবছর আগে থেকেই মায়ের সাথে থাকে, তাই এক্ষেত্রে বাবাকে সন্তানের সাথে সময় কাটানোর জন্য একটি সীমিত সময়সীমা বেধে দেওয়া হয়েছে। অন্যদিকে, আবেদনকারী অর্থাৎ শিশুটির মা শিশুটির জন্মের পর থেকে অবিচ্ছিন্নভাবে তার সাথে রয়েছেন এবং একজন কর্মজীবী নারী হলেও, নিজের কাজ এবং সন্তানের যত্ন নেওয়া দুই-ই একা হাতে সুপরিকল্পিতভাবে সামলেছেন।”

বাবার পক্ষের আইনজীবি আজিঙ্কা উদানে জানিয়েছেন, মেয়ে বিদেশ চলে গেলে স্বাভাবিকভাবেই যন্ত্রণা পেতে হবে তাঁর বাবাকে। নিজের মেয়ের সাথে দেখা করারও সুযোগ থাকবে না বাবার। তাই তাঁরা এখন বোম্বে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করার কথা ভাবছেন।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft