
চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে ‘৩১ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা’। ২৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওই বইমেলাটি চলবে চারদিন।
বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়া জানান, এবারের নিউ ইয়র্কের বইমেলায় বাংলাদেশ থেকে বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি মুহম্মদ নূরুল হুদা, আসাদ মান্নান, হুমায়ূন কবীর ঢালী, মোহাম্মদ রিশাদ হুদা ও সৈয়দ আল ফারুক বইমেলায় অংশ নিচ্ছেন।
কলকাতা থেকে আসছেন লেখক অমর মিত্র। এছাড়া যুক্তরাজ্য থেকে বাংলাদেশি লেখক শাহাদুজ্জামানেরও বই মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন গোলাম ফারুক। মেলায় আসছেন ছড়াকার লুৎফর রহমান রিটন এবং বিরূপাক্ষ পাল।
কানাডার টরন্টো থেকে জসিম মল্লিক, সুইডেন থেকে দেলওয়ার হোসেন, লস অ্যাঞ্জেলেস থেকে আনিসুজ্জামান ও চিন্ময় রায় চৌধুরী, হিউস্টন থেকে শফিক আহমেদ, ফ্লোরিডা থেকে শাহাব আহমেদ, ডালাস থেকে ফরহাদ হোসেন, অস্টিন থেকে বিমল সরকার, ওয়াশিংটন থেকে আবদুন নূর ও লায়লা হাসান, ন্যাশভিল থেকে হুমায়ূন কবীরসহ আরও অনেক কবি, লেখক ও সাহিত্যিকদের এ মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে।
নিউ ইয়র্ক বইমেলায় প্রকাশনা সংস্থা অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হক, কথাপ্রকাশের জসিম উদ্দিন, নালন্দার রেদওয়ানুর রহমান, ইত্যাদি প্রকাশনার জহীরুল আবেদীন জুয়েল, অঙ্কুর প্রকাশনীর মেসবাহউদ্দীন আহমেদ, আকাশ প্রকাশনার আলমগীর শিকদার লোটন এবং কবি প্রকাশনীর সজল আহমেদ বাংলাদেশ থেকে আসছেন। এছাড়া স্বদেশ শৈলী, অ্যাডর্ন পাবলিকেশন্স, প্রথমা প্রকাশন ও কাকলী প্রকাশনীর প্রতিনিধিরাও বাংলাদেশ থেকে আসছেন।
প্রতিদিন রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিনই রয়েছে সাহিত্যের অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজওয়ানা চৌধুরী বন্যা, অস্ট্রেলিয়া থেকে নীরা রহমান, লন্ডন থেকে নাহিদ নাজিয়াসহ আরো অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশন করবে বিপা। সমাপনী অনুষ্ঠান করবে আড্ডা। মুক্তধারা নিউ ইয়র্ক, ঘুংঘুরসহ যুক্তরাষ্ট্রের ৮টি প্রকাশনা সংস্থার স্টল থাকবে এবারের বইমেলায়।
-জ/আ