প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩:৪৫ পিএম

গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হন।
শুক্রবার (১৫ জুলাই) সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার এসআই সাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। আহত রাইসা (আড়াই বছর) নিহত রাজুর মেয়ে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান বিষয়টি নিশ্চিত করে আরও বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ি ফ্লাইওভার দিয়ে প্রাইভেটকারটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি উল্টোপথে আসছিল। তবে বিষয়টি এখনও নিশ্চিত না। কুরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি কলেজগেট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুজন ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়। এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রীরাও আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, আহত রাইসাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-জ/অ