প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ২:০৯ পিএম

সদ্য প্রকাশ্যে এসেছে ‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনার ফার্স্ট লুক। এই ছবিতে তাঁকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি ঘিরে শুরু থেকে সিনেমাপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্গনা কতটা মানানসই হবে, তা নিয়ে আগ্রহী ছিলেন ভক্তদের। কঙ্গনা এক ছবি পোস্ট করে ‘ইমার্জেন্সি’ ছবিতে তাঁর লুক প্রকাশ করেছেন। এই ছবির এক টিজারও রিলিজ করেছেন এই বলিউড অভিনেত্রী।
এই টিজারে একঝলকে বোঝা যাচ্ছে যে ইন্দিরা গান্ধীর শরীরী ভাষা, বাচনভঙ্গি দারুণভাবে রপ্ত করেছেন কঙ্গনা। ইন্দিরা গান্ধী রূপী কঙ্গনা নেট জনতাকে রীতিমতো মুগ্ধ করেছেন। অনেকের মতে, এই বলিউড নায়িকাকে হুবহু ইন্দিরা গান্ধীর মতো দেখতে লাগছে।
‘ইমার্জেন্সি’ ছবির টিজার কঙ্গনা ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে লিখেছেন, ‘আপনাদের সামনে হাজির তিনি, তাঁকে স্যার বলে সম্বোধন করা হতো।’ এই ছবিতে তিনি তাঁর প্রথম লুক প্রকাশ করে লিখেছেন, ‘আপনাদের জন্য “ইমার্জেন্সি” ছবির প্রথম লুক। বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং বিতর্কিত নারীর কথা।’