মানিকগঞ্জে বাসচাপায় নিহত ২, গাড়িতে অগ্নিসংযোগ
প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১০:৩৯ এএম

ঢাকা-আরিচা মহাসড়কের কালীগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহণের বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন, হাসিবুর রহমান (২৪) নামের আরেকজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন এলাকায় সেলফি পরিবহণের দুটি বাস ভাঙচুর করে। এ ছাড়া বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহণের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

নিহত তরুনরা হলেন— মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৪) এবং তার বন্ধু মো. আশিকুর রহমান (২৫)। তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে রাথুরা গ্রামে বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর।

রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জুয়েল ও আশিকুর। এ ঘটনায় আহত হন আরেক বন্ধু হাসিবুর। তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বাসটি জব্দ করে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তরা এলাকায় সেলফি পরিবহণের দুটি বাস ভাঙচুর করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সেখান থেকে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহণের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন। রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহত দুই যুবকের লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft