জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ৮:৫৮ এএম

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ রোববার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শুরু হয় সকাল আটটায়। এতে সরকারের মন্ত্রী, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, সাংসদ, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকদের অনেকে এবং সর্বস্তরের জনগণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।

সারি বেঁধে কয়েক স্তরের নিরাপত্তা চৌকি অতিক্রম করে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন মুসল্লিরা। নামাজ শেষে ঈদের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী পরস্পর কোলাকুলি করেন মুসল্লিরা। 

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর গত ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহার প্রধান জামাতও জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বেলা পৌনে ১১টা পর্যন্ত এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম মসজিদ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদ ও মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া সারা দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসলমান সম্প্রদায় হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের ভেতরের পশুত্বকে পরিহার ও আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে জিলহজ মাসের ১০ তারিখে কোরবানি দেওয়া হলেও ঈদের পর দুই দিন, অর্থাৎ জিলহজ মাসের ১১ ও ১২ তারিখেও পশু কোরবানির ধর্মীয় বিধান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft