প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১০:১৬ পিএম

লালমনিরহাট বিভাগে রেলওয়ের ‘অমুসলিম কর্মচারী না থাকায়’ ঢাকা-রংপুর-ঢাকা রুটের রংপুর এক্সপ্রেস ট্রেন ঈদের আগের দিন না চালানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার আজ সন্ধ্যায় এ বিষয়ে বলেন, রংপুর এক্সপ্রেসের আগামিকাল শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে৷ যাত্রা বাতিল করা হয়নি। তবে ঈদের পরদিন সোমবার ট্রেনটি চলবে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মাসুদ সারওয়ার।
গত বুধবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আউয়াল স্বাক্ষরিতে এক চিঠিতে বলা হয়, “লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন-মুসলিম রানিং কর্মচারী না থাকায় ৯ জুলাই ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুর-ঢাকা রুটে এবং ১১ জুলাই ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।” ওই চিঠির বিষয়টি সংবাদমাধ্যমে এলে সমালোচনার মুখে পড়ে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রশ্ন করলে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার আজ শুক্রবার সকালে বলেন, “চিঠিতে কিছুটা ভুল রয়েছে। ‘অমুসলিম কর্মচারী’ বিষয়টি ভুল। ‘পর্যাপ্ত লোকবলের অভাবে’ ওই তারিখগুলোতে রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলবে না।”
চিঠি সংশোধন করে পুনরায় পরিপত্র জারি করা হবে বলে সে সময় তিনি জানিয়েছিলেন। তবে পরে রেল কর্তৃপক্ষ জানায়, শনিবার ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।