প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ২:৫২ পিএম আপডেট: ০৮.০৭.২০২২ ২:৫৫ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে প্রায় ৪ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে গাড়ির চাপ বাড়তে থাকলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে শ্রীনগর উপজেলার কেয়টচিরা পর্যন্ত এ যানবাহনের ধীরগতি দেখা গেছে। ঢাকাসহ আশেপাশের জেলা থেকে আসা এসব যানবাহন পদ্মা সেতু পারের জন্য এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ চিত্র লক্ষ্য করা গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম প্রান্তে বৃহস্পতিবার রাতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হন। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে বলে জানান তিনি। ধাপে ধাপে পদ্মা সেতুর টোল প্লাজার গাড়ির লাইন ছাড়ছে পুলিশ। আটকে থাকা গাড়ির মধ্যে বেশিরভাগ ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক। তিনি জানান, প্রায় ৩ ঘণ্টায় ১০০ মোটরসাইকেল ঘাটে জমেছিল। এজন্য একটি ফেরির মাধ্যমে পার করা হয়েছে। তবে এরপর আর যানবাহন অপেক্ষমাণ নেই। গাড়ির চাপ হলে ফেরি চালু করা হতে পারে বলেও জানান তিনি।
সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, সেতু দিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ ও সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহনকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে, সকাল ১১টায় শিমুলিয়া ঘাট থেকে একটি ফেরি কুমিল্লা মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় যানবাহনের স্বাভাবিক চাপ আছে। ৩-৪ মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে না এ টোল প্লাজায়।
তবে পরিবহন সংকটের কারণে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। পিকআপ ও ট্রাকে করেও পদ্মা সেতু পার হচ্ছেন। এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। মোটরসাইকেল আটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে পদ্মা সেতুর ওপরে যানবাহন স্বাভাবিকভাবে পার হচ্ছে।