গত কিছুদিন যাবৎ সারাদেশের ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ (৬ জুলাই) থেকে তাপমাত্র হ্রাস পেতে পারে বলে জনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারই সাথে অব্যাহত থাকবে বৃষ্টিপাতেরও প্রবণতা আছে। এবং ঈদের আগে আর তাপমাত্রা বাড়ারও সম্ভাবনা নাই।
বুধবার (৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক জানান, রাজশাহী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ থেকে এটি কমে যাবে। মূলত সারাদেশে দিনের তাপমাত্রা কমে যাবে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঈদের আগে আর মৃদু তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। আগামী ১২ জুলাই দেশের অনেক জায়গায় ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদ বলেন, আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানান, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিকে থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা অস্থায়ীভাবে দমকায় ২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
জ/ আল