ঈদের ছুটিতে ঢাকায় পশুর হাট সংলগ্ন ব্যাংক খোলা থাকবে, লেনদেন চলবে রাত ৮টা পর্যন্ত
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৭:৪৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক রাজধানীর দুই সিটি করপোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এসব শাখায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
জানা গেছে, নিয়ন্ত্রণ সংস্থা কুরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, আসন্ন ঈদুল-আজহার আগে ৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম চলবে। এর পরের দুই দিন ৮ ও ৯ জুলাই (শুক্র ও শনিবার) কুরবানির হাটের নিকটবর্তী ব্যাংক, শাখা-ব্যাংক খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট শাখা, উপ-শাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
-জ/অ