প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৭:৪১ পিএম

একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, পিকআপ ভ্যানটি কুরবানির গরু বহন করছিল।
পিকআপ ভ্যানটির ধাক্কায় টোল প্লাজা বুথের ২ নম্বর ব্যারিয়ারের নলবেরি আংশিক বেঁকে যায়। এ নিয়ে ছয় দিনের ব্যবধানে আবার একটি ব্যারিয়ারের নলবেরি ক্ষতিগ্রস্ত হলো। এর আগে গত মঙ্গলবার একটি বাসের ধাক্কায় টোল প্লাজার ৩ নম্বর ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে মো. শাহ আলম শেখ নামে একজন পিকআপ ভ্যানচালক ফরিদপুরের ভাঙা উপজেলার সদরপুর থেকে কুরবানির পশু নিয়ে ঢাকার উদ্দেশ্য টোল প্লাজায় এসে পৌঁছায়। এসময় চালক টোল না দিয়েই পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুতগতিতে পদ্মা সেতুর দিকে যাওয়ার চেষ্টা করলে ভ্যানটি সজোরে গিয়ে টোল প্লাজা ২ নম্বর বুথের ব্যারিয়ারে ধাক্কা দিলে নলবেরি বাঁকা হয়ে যায়।
টোলের দায়িত্বরত কর্মকর্তারা পিকআপ ভ্যানটিকে প্রথমে আটকে রাখলেও পরে ছেড়ে দেন। পরে কারিগরী দলের সদস্যরা দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত ব্যারিয়ারের নলবেরি মেরামত করেন বলে জানিয়েছেন প্রকৌশলী আবুল হোসেন।
-জ/অ