প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৫:০২ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও বিরুদ্ধে গায়েবি মামলা করে নি।
মির্জা ফখরুল গায়েবি মামলার কথা বলে রাজনীতিতে অহেতুক গায়েবি আওয়াজ তোলার চেষ্টা করছেন। যেহেতু জনগণের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, সেহেতু তারা গায়েবি ও ষড়যন্ত্রের রাজনীতিতেই ভরসা রাখে।
সোমবার (০৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি দেশের জনগণকে আতঙ্কিত করছে। কারণ তারা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের নামে জনগণের ওপর যে ভয়াবহ অগ্নি-সন্ত্রাস চালিয়েছিল, তার ক্ষত এখনো দেশবাসীর স্মৃতিতে অমলিন। মির্জা ফখরুল কথায় কথায় সাংবিধানিকভাবে বৈধ ও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে অবৈধ অভিহিত করে সংবিধান লঙ্ঘনের অপরাধ করছেন। দেশের গণতন্ত্র হারিয়ে যায় নাই যে তা ফিরিয়ে আনতে হবে।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সর্বদাই জনগণকে সঙ্গে নিয়ে পথ চলে। আওয়ামী লীগ জনগণের প্রভু নয়, সেবক হয়ে থাকতে চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত আওয়ামী লীগ এ দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপির সব কর্মকাণ্ড আবর্তিত হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ধারায়। গণতন্ত্র ধ্বংসই শুধু নয়, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দুর্নীতির সাম্রাজ্য বিস্তার ও ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে গণবিরোধী অবস্থানের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন রাজনৈতিক অপশক্তি হিসেবে চিহ্নিত। অন্যদিকে আওয়ামী লীগ মানুষের স্বাধিকার থেকে স্বাধীনতা এবং ভোট-ভাতের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে আসছে।
সেতুমন্ত্রী আরও বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের সব কার্যক্রম পরিচালিত হয় গণআকাঙ্ক্ষা ধারণ করেন, যার মধ্য দিয়ে জনগণের শাসন তথা গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে চলেছে। কোনো অপশক্তির ষড়যন্ত্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ উন্নত ও কল্যাণকর রাষ্ট্র নির্মাণে সক্ষম হব। জয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।
-জ/অ