প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৫:০৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে আদালতের আদেশে মৃত্যুর নয় মাস পর কবর থেকে ইমন (১৭) নামে এক শিক্ষার্থীর লাশ উত্তোলন করা হয়েছে। সে উপজেলার দাঁতমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আব্দুল কাদেরের পুত্র।
৩১ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানির নেতৃত্ব লাশটি তুলে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এসময় ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকীসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জানা য়ায়, ইমন লেখা পড়ার পাশাপাশি একই এলাকার শরীফের মুরগির খামারে মাসিক বেতনে চাকুরী করতেন। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে খামারের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা।
মামলার বাদী ইমনের পিতা আব্দুল কাদের বলেন, ‘আমার ছেলের মরদেহ পাওয়ার পর তড়িঘড়ি করে দাফন করে দিয়েছে ওরা। আমার ছেলের মৃত্যুর খবর শুনে আমি অজ্ঞান ছিলাম।
পরে মানসিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বুঝতে পারি আমার ছেলেকে খুন করা হয়েছে। পরে এলাকার সবার পরামর্শে থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি, তাই আদালতে ৬ জনকে আসামি করে মামলা করেছি।