প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:০৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন ২০ তলা একাডেমিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। মৃত সাগর নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষ্যদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সাগর। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ হাসপাতালে আছে। মৃত্যুর বিষয়টি শোনার পরপরই প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের কাছে বিষয়টি জানতে চেয়েছি। এছাড়া উপাচার্য স্যারকেও জানিয়েছি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে নির্মাণাধীন ভবনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ইমরুল হাসান বলেন, ‘কীভাবে ঘটনাটি ঘটল সেটা জানা নাই। কারণ তখন কাজ শেষ করে চলে এসেছিলাম।’
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।