প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১১:৫৬ এএম আপডেট: ২৩.০৫.২০২২ ১১:৫৮ এএম

মাংকিপক্সের প্রাদুর্ভাব নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের আলোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, চলমান করোনাভাইরাস মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং মাংকিপক্স নিয়ে বিশ্ব ‘ভয়াবহ’ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ডব্লিউএইচওএর প্রধান বিশ্ববাসীকে সতর্ক করে বলেন, আফ্রিকার বাইরে এক ডজনেরও বেশি দেশে মাংকিপক্স ছড়িয়ে পরেছে।
সোমবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইসরায়েলে ৯০ জনেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তবে জনসাধারণের জন্য এখনও ব্যাপক কোনো ঝুঁকি নেই বলেই বলা হচ্ছে।
বিবিসি বলছে, মাংকিপক্স ভাইরাসটি মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এই ভাইরাস মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ার প্রবণতা নেই এবং অসুস্থতা সাধারণত হালকা হয়।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।
বিশ্বে এর আগে মাংকিপক্সের অল্প কিছু সংক্রমণ পাওয়া গেছে। যাদের শরীরে এটি পাওয়া গিয়েছিল তারা সবাই ভাইরাসটির প্রাকৃতিক আবাসভূমি যেসব দেশে সেখানে ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু এবার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাতে প্রথমবারের মতো এমন সব মানুষের দেহে এটি পাওয়া গেছে যাদের সাথে পশ্চিম অথবা মধ্য আফ্রিকার কোনো যোগাযোগও নেই।
ফলে কিভাবে তারা আক্রান্ত হয়েছেন সেটি এখনও পরিষ্কার নয়। আর এই বিষয়টিই প্রাদুর্ভাব বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। এই পরিস্থিতিতে ‘মাংকিপক্স’ সংক্রমণ মোকাবিলায় ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধি জারি করেছে বেলজিয়াম। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এই ভাইরাসে সংক্রমিত হবে, তাদের তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।
জে/ আল