প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১১:৩৮ এএম আপডেট: ২৩.০৫.২০২২ ১১:৪৬ এএম

আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সুবিধার্থে ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ বিমান জানায়, ওয়েব চেক-ইনের মাধ্যমে যাত্রী নিজেই তার পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাস বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাস সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, অভ্যন্তরীণ রুটের যাত্রীরা বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) প্রবেশ করে ওয়েব চেক-ইনের জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগ থেকে এবং সর্বনিম্ন ৩ ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করতে পারবেন। কোনো যাত্রী যদি ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে।
তিনি আরো জানান, ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্ন করার পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাস বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।
বিমান আরো জানায়, বিমানের যাত্রীদের ফ্লাইট ছাড়ার সর্বনিম্ন এক ঘণ্টা আগে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।
নতুন এ সেবা চালুর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ১ জুলাই থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে বলে জানায় বিমান।
জে/ আল