প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৩:০৪ পিএম

ফেনীতে আগুনে পুড়ে আনিসুল হক (৬০) নামের এক প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী পৌর এলাকার আলিমুদ্দিন সড়কের নয়ন টাওয়ারের নীচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। পরে দমকল বাহিনী আধঘন্টা চেষ্টার পর আগুন নিভিয়ে রাত ১২টার দিকে আনিসের মরদেহ উদ্ধার করে।
আনিসুলের দেহ উদ্ধার করে পুলিশ সদস্যরা রাতেই ময়না তদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। তার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকায়। তিনি গত ৫ বছর ধরে এই ভবনের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি সাংবাদিকদের জানান, ওই ভবনের নীচতলায় দুটি কক্ষে আনিসুল থাকতেন, একটি কক্ষে তিনি নিজের খাবার রান্না করতেন। সেখানে আমরা চারটি গ্যাস সিলিন্ডার পেয়েছি। আমরা ধারণা করছি- দুটি সিলিন্ডারে হয়তো লিকেজ ছিল এবং এ কারণে আনিসুল রান্না করতে গেলে অগ্নিকান্ডের সৃষ্টি হয় এবং তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। ঘটনার পর পর পুলিশ এবং পিবিআইয়ের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন আগুনে এক ব্যক্তি মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।