প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৭:১৫ পিএম

আইনের তোয়াক্কা না করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট তৈরির অভিযোগে গাজীপুর- কাপাসিয়া উপজেলায় দুইটি ইটভাটায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।
ঢাকাসহ আশপাশের ৫ জেলার ৩১৯টি অবৈধ ইটভাটা গত ১ মার্চ ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।পরিবেশ আইনের তোয়াক্কা না করে লোকালয় ও ফসলি জমির আস পাশে গড়ে উঠেছে এসব ভাটা।
ভাটার কালো ধোঁয়ায় জনস্বাস্থ্যের পাশাপাশি ফসল ও গাছপালার ক্ষতি হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি বিবেচনায় এসব ভাটাকে অবৈধ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল উপজেলার বারিষাব ইউনিয়ন ও সনমানিয়া ইউনিয়ন এলাকায় দুইটি ইটের বাটায় দুই লাখ টাকা জরিমানা ও বাটায় তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য আংশিক ভেঙে দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) রুবাইয়া ইয়াসমিন ও বেঞ্চ সহকারী শিব্বির আহমেদ সহযোগিতা করেছেন কাপাসিয়া থানা পুলিশ।
অভিযান শেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, কাপাসিয়ায় অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। আগামীতে আমাদের অভিযান চলবে৷ এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।