প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯:৫০ পিএম

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পেশাজীবীদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে।
মঙ্গলবার (১৭মে) সকাল সাড়ে ১০টার দিকে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটোন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, জেলা এনএসআইয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক প্রমূখ।
এছাড়াও এ কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, মসজিদের ইমাম, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় শব্দ দূষণের কারণ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, এখন বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে বক্স বাজানো, সভা/সমাবেশে মাইক বাজানো, সড়কে চলাচলরত গাড়িতে অযথা হর্ণ বাজানো, কল কারখানা ও নির্মাণাধীন এলাকায় মেশিনে ব্যাপক শব্দ হয়। এসকল উচ্চ শব্দের কারণে আমাদের শারিরিক, মানুষিকসহ মারাত্মক অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং উচ্চ শব্দ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করা হয়।