প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৬:২৭ পিএম

নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন(৩২) নামে এক ইজিবাইক চালককে শ্বাসরোধে করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান।
গত রোববার (১৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান গ্রামের এক আখের ক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত খোরশেদ আলম বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙা গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৪ মে রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া বাজার থেকে লালপুর উপজেলার ঘাটচিলানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে যাত্রী বেশে মিলনের নতুন ইজিবাইকটি ভাড়া করে সজিব, মেহেদী, রবিউল ও অপর একজন। পরে লালপুরের ঘাটচিলান এলাকায় পৌঁছে তারা ইজিবাইক চালক মিলনকে শ্বাসরোধে হত্যা করে লাশ আখ ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি মেহেদী হাসান নামে অপর আরেকজনের বাড়িতে রেখে আসে।
পরে সোমবার(১৬ মে) সকালে নিহতের বাবা ফখরুল ইসলাম লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর জেলা পুলিশের ৬টি সোমবার রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত অপরজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।