
দক্ষ মানবসম্পদ পাঠানোর মাধ্যমে জর্ডানের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
জর্ডান সফররত মন্ত্রী সেদেশের শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতির সঙ্গে রোববার এক সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
ইমরান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক উদীয়মান রাষ্ট্র। বাংলাদেশ নিজ দেশে যেমন বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে একই ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশী বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখছে।
ইমরান আহমদ সৌজন্য সাক্ষাতকালে জর্ডানের পোশাক খাতে নারী শ্রমিকদের সাথে সাথে দক্ষ পুরুষ শ্রমিকদের অন্তর্ভূক্ত করার বিষয়েও আলোচনা করেন।
বর্তমানে প্রায় ৭০ হাজার প্রবাসী বাংলাদেশী শ্রমিক বাংলাদেশ ও জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে।
দক্ষ মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রমের বিষয় মন্ত্রী আরো বলেন যে, বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে জর্ডান ও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পারে ।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, জর্ডানে পোশাক খাতে কর্মরত বিপুল সংখ্যক দক্ষ শ্রমিকদের সাথে সাথে বাংলাদেশ জর্ডানের কৃষি, তথ্য প্রযুক্তি, নির্মান শিল্প ও ট্যুরিজম সেক্টরে অংশগ্রহণে আগ্রহী।
এই ক্ষেত্রে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সবুজায়নে বাংলাদেশী শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে জর্ডানের অনাবাদী জমি চাষ উপযোগী করতে বাংলাদেশী শ্রমিকরা অপরিসীম ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সেই সাথে তিনি জর্ডানের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানসমূহ দর্শনের জন্য বাংলাদেশের প্রকৃত ভ্রমণ পিপাসু নাগরিকদের জন্য বিদ্যমান ভ্রমণ বাঁধা দূর করার বিষয়ে জোর দেন। তিনি বাংলাদেশী ট্যুরিস্টদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।
জর্ডানের শ্রম মন্ত্রী নায়েফ ইস্তিতি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপি কে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও জর্ডান উভয় দেশই তার স্বল্প সম্পদ ও সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্বের কাছে তাদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে।
জর্ডান শ্রমমন্ত্রী আরো বলেন, উভয় দেশই নিজ ভূখন্ডে উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থীদের আশ্রয় দিয়েছে। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সব সময়ই বিশেষ ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, জর্ডানের পোশাক খাতের মোট শ্রমিকের অর্ধেকের বেশিই বাংলাদেশী এবং তারা নিজস্ব দক্ষতা গুণেই বাংলাদেশ ও জর্ডানের অর্থনীতিতে অবদান রাখছে।
বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে সঠিক নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, যুগপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ তার উন্নয়ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেরও তিনি ভূয়সী প্রশংসা করেন।
জর্ডানের শ্রম মন্ত্রী নায়েফ ইস্তিতি বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জর্ডান আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলে মতামত ব্যক্ত করেন। এছাড়া তিনি জর্ডানের বৈধ প্রবাসী বাংলাদেশীদের প্রতি সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।
জে/ আল