প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ১১:৩৩ এএম আপডেট: ১৫.০৫.২০২২ ১১:৩৭ এএম

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ মাথায় নিয়ে বাংলাদেশ থেকে পালানো প্রশান্ত কুমার (পি কে) হালদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের ব্যাঙ্কশাল স্পেশাল সিবিআই কোর্ট।
শনিবার (১৪ মে) দিনগত গভীর রাতে পি কে হালদারসহ ছয়জনকে ব্যাঙ্কশাল সিবিআই কোর্টে হাজির করা হয়। এরপর আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে তড়িঘড়ি অনলাইনে পেপার সাবমিট করে স্পেশাল সিবিআই কোর্টে ওই ছয়জনকে হাজির করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে এই খবর চেপে রাখা হয়েছিল।
রোববার (১৫ মে) সকালে অর্থ-সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) এক বার্তায় জানায়, পি কে হালদারকে তিনদিনের রিমান্ডে নিয়ে নিজেদের হেফাজতে রেখেছে ইডি। একইসঙ্গে প্রাণেশ হালদার ওরফে প্রীতিশের স্ত্রীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
এই মুহূর্তে উত্তম মিত্র, স্বপন মিত্র, প্রশান্ত হালদার, প্রীতিশ হালদার এবং তার জামাতা সঞ্জীব হালদারকে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সিজিও কমপ্লেক্স জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জে/ আল