প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৩:৪৮ পিএম

ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা প্রায় অর্ধ যুগ চুটিয়ে প্রেম করছেন পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে । এরপর ২০২১ সালে বাগদানও সেরেছেন তারা।
চলতি বছরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা জুটি।
সম্প্রতি জানা গেলো তাদের বিয়ের দিন-তারিখ ঠিক হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আসছে জুনের ৯ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নয়নতারা ও বিগনেশ।
পারিবারিকভাবে ভারতের তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
২০০৩ সালে মালয়ালম ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার।
২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রিটি হানড্রেড তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি।
নয়নতারা ২০১৫ সালে বিগনেশের ‘নানুম রাউডি ধান’ সিনেমায় অভিনয় করার সময় সিনেমাটির শুটিং সেটে প্রেমে জড়ান নির্মাতা-অভিনেত্রী। বিগনেশ এরপর নয়নতারাকে নিয়ে ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’, ‘নেত্রীকান’ সিনেমা নির্মাণ করেছেন ।
শাহরুখ খানের বিপরীতে ‘লায়ন’ সিনেমায় অভিনয় করছেন তিনি । যার মাধ্যমে বলিউ্ডে অভিষেক হচ্ছে নয়নতারার। সিনেমাটি পরিচালনা করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।
এদিকে বিয়ের আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী নয়নতারা। তামিল এই সিনেমাটির প্রযোজক ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। সিনেমাটি নিয়েও বেশ উচ্ছ্বসিত এই তারকা।
-জ/অ