গম রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ২:৫৭ পিএম

দেশীয় বাজারে গমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে গম রপ্তানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ভারত। তবে প্রতিবেশী ও খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত থাকবে।  

আজ শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক কর্তৃপক্ষ ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এক বিবৃতিতে ডিজিএফটি জানিয়েছে, যেসব বাণিজ্য চুক্তি এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে, সেসবের চালান পাঠানো হবে। তবে শনিবার থেকে আন্তর্জাতিক কোনো ক্রেতার অর্ডার আর নেওয়া হবে না। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে রাশিয়া ও ইউক্রেন গম রপ্তানিতে শীর্ষে রয়েছে। গত ফেব্রুয়ারিতে এ দুই দেশ যুদ্ধে জড়ালে কৃষ্ণসাগর অঞ্চলে গমের চালান আসা প্রায় বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা গম আমদানিতে চীন ও ভারতের দিকে ঝোঁকে। 

ভারতে গত মার্চে তাপপ্রবাহের কারণে ফসলের বিপুল ক্ষতি হয়। এপ্রিলে মূল্যস্ফীতি ৭.৭৯ শতাংশে উন্নীত হওয়ায় চাপের মুখে পড়ে সরকার। 

এমন পরিস্থিতিতে দেশের চাহিদা পূরণ এবং প্রতিবেশী ও খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানির স্বার্থে এমন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

টানা পাঁচ বছর রেকর্ড উৎপাদনের পর ভারত এ বছর তাপপ্রবাহের কারণে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়ে আনে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১১.৩ মিলিয়ন টন থেকে নামিয়ে ফেব্রুয়ারিতে ১০৫ মিলিয়ন টন নির্ধারণ করা হয়। 

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে পেঁয়াজবীজ রপ্তানির শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে ডিজিএফটি। এর আগে ভারতে পেঁয়াজবীজ রপ্তানি নিষিদ্ধ ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft