প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৫:২৬ পিএম আপডেট: ০৮.০৫.২০২২ ৫:২৮ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জ্বালানী তেল পেট্রোল-অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। হঠাৎ করেই শনিবার সকাল থেকে উপজেলা জুড়ে এ সংকট দেখা দিয়েছে। সরবরাহ বন্ধ হয়ে গেছে ফিলিং ষ্টেশনগুলোতে। খোলা বাজারের পাওয়া যাচ্ছে না পেট্রোল -অকটেন। এতে করে বিপাকে পড়েছেন মোটরযান ব্যবহারকারীরা। আর এ সুযোগে অসাধু খুচরা বিক্রেতারা চড়া দামে বিক্রি করছেন পেট্রোল-অকটেন। এতে করে জ্বালানী তেলের মূল্য অস্বাভাবাবিক হারে বেড়ে গেছে।
সরজমিনে এক ফিলিং ষ্টেশন থেকে অন্য ফিলিং ষ্টেশনে ঘুরতে দেখা গেছে মোটরসাইকেল সহ সকল মোটরযানকে। কিন্তু প্রয়োজনীয় জ্বালানী না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। ফিলিং ষ্টেশন লোকেরা জানিয়ে দিচ্ছেন তাদের রসদ ফুরিয়ে গেছে। তাই জোগান সংকটে আপাতত সরবরাহ বন্ধ। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না তারা।
জ্বালানী সংকটে বিড়ম্বনায় পড়া ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা গনমাধ্যমকর্মী আরিফুল ইসলাম আরিফ বলেন, গ্রামে পেট্রল খুঁজেই পেলাম না। পরিচিত এক দোকানী দিলেন। কিন্তু এক লিটার পেট্রলের দাম নিলেন ১৭০ টাকা।
ব্যাংকার একরামুল হক জানান, রোববার তিনি তার মোটরসাইকেলে পেট্রোল-অকটেন ভরতে উপজেলার ফিলিং ষ্টেশনে গিয়ে না পেয়ে ফিরে আসেন।
এ বিষয়ে সাহা ফিলিং ষ্টেশনের স্বত্বাধিকারী সমরজিৎ সাহা বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় তেল শেষ হয়ে গেছে। আগামী দু-একদিনের মধ্যে সংকট কেটে যাবে।