প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:২৬ পিএম

ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
রোববার (৮ মে) দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
ওসি মনিরুল জানান, ঢাকামুখী সেলফি পরিবহনের সঙ্গে পাটুরিয়ার দিকে যাওয়া জননী পরিবহনের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
২০ জনকে ফায়ার সার্ভিস ও অন্য মাধ্যমে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার কাজ চলমান থাকায় ঢাকা আরিচা মহাসড়কের এ অংশে কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।