প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪:৪৭ পিএম

সরকারের বিভিন্ন দপ্তরের অসহযোগিতার কারণেই রেস্তোঁরা ব্যবসা হুমকির মুখে। ১২ টি অধিদপ্তর না রেখে ১টি দপ্তরের মাধ্যমে রেস্তোরাঁ ব্যবসা মনিটরিং করার দাবি রেস্তোরাঁ মালিক সমিতির।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার (৩১ মার্চ) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সরকারের ১২টি অধিদপ্তর হোটেল রেস্তোরাঁ মনিটরিং করেন। সামান্য দোষ ত্রুটিতে জরিমানা করাই কেবল তাদের কাজ। দিন দিন রেস্তোরাঁ মালিকদের ওপর এসব দপ্তরের হস্তক্ষেপ বেড়েই চলেছে।
এসময় তারা দাবি জানান, ১২ টি অধিদপ্তর না রেখে ১টি দপ্তরের মাধ্যমে রেস্তোরাঁ ব্যবসা মনিটরিং করার। রমজানে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে না দিলে, সব রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার হুমকিও দেন মালিকরা।
এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, দীর্ঘদিন ধরে এতগুলো সংস্থার দ্বারা যে অরাজকতা চলছে, কারও কোনো ভ্রুক্ষেপ নেই। বলেন, প্রতিটা অধিদপ্তর বিক্ষিপ্তভাবে তাদের অযাচিত হস্তক্ষেপ করে। কোনো ম্যাজিস্ট্রেট এলে ক্ষোভ ঝাড়ে রেস্তোরাঁ মালিকদের ওপর। পান থেকে চুন খসলেই বিশাল শাস্তি দেয়। জরিমানা করা, হাতে হাতকড়া লাগানো কোনো সমাধান নয়।
এবারও রমজানে বিশাল খড়গ নেমে আসবে জানিয়ে তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় ইফতারি, সেহরিসহ অন্যান্য খাদ্যদ্রব্য নিরাপদ করার জন্য সবোর্চ্চ সতর্ক ও সচেতন থাকবো। কিন্তু আইনের মারপ্যাঁচে ফেলে আমাদের নাযেহাল করবে বিভিন্ন সংস্থার মোবাইল কোর্ট। যেখানে সেখানে রেস্তোরাঁকে জরিমানা করা হবে।
রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ওসমান গনি বলেন, আমাদের যদি কোনো ভুল থাকে তবে সেটা সংশোধন করুন। সময় দেন সবকিছু ঠিকভাবে চালানোর। কিন্তু দীর্ঘদিনের এসব ব্যবসা রাস্তায় নামিয়ে দেবেন না। আমরা হয়রানি-প্রতিবন্ধকতা ছাড়া সঠিক সুন্দরভাবে ব্যবসা করতে চাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিব, কোষাধ্যক্ষ তৌফিকুল ইসলাম খানসহ অন্যান্যরা।