প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:২৮ পিএম

একে সরকার উচ্ছেদ ইস্যুতে উত্তপ্ত পাকিস্তান। তারই মধ্যে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই খবরে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন বিপন্ন। তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য ষড়যন্ত্র সাজানো হচ্ছে। এই অভিযোগ করেছেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা ফয়সাল ভাওদা।
ফয়সালের দাবি, প্রধানমন্ত্রী দেশ বিক্রি করে দিতে রাজি হননি বলে, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। রীতিমতো পরিকল্পনা করে তাকে খুনের চেষ্টা চলছে। এই খবর সামনে আসতেই সরগরম হয়ে উঠেছে ইসলামাবাদ। অনেকেই মনে করছেন পাকিস্তানে ফের সেনাবাহিনীর শাসন শুরু হতে চলেছে।
এআরওয়াই নিউজ শোতে ‘অফ দ্য রেকর্ড’ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ উত্থাপন করেন। তিনিও ইমরান খানের মতো সরকারকে উৎখাতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন। বলেন, এ বিষয়ে তথ্যপ্রমাণ আছে তাদের হাতে।
ওদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী আসাদ উমর এবং ফাওয়াদ চৌধুরী বলেন- বিদেশ থেকে এ বিষয়ে চিঠি লেনদেন হয়েছে। তাতে বলা হয়েছে, ইমরান খান যদি প্রধানমন্ত্রী হিসেবে টিকে যান তাহলে ভয়াবহ পরিণতি হবে। বুধবার ফয়সালও বলেছেন, প্রধানমন্ত্রী ইমরানের জীবনের ওপর হুমকি আছে।
কিন্তু চিঠিতে প্রধানমন্ত্রীকে হত্যার কথা উল্লেখ আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর এড়িয়ে যান। টিভির ওই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন কাশিফ আব্বাসি। বুধবার তাদের কাছে আগে থেকেই ওই চিঠি পৌঁছে দেয়া হয়।
এ প্রসঙ্গে ভাওদা বলেন, ইমরান খান সাহেবের জীবনের ওপর মারাত্মক হুমকি আছে। আমি জানি না আপনি চিঠি পড়েছেন কিনা, যে অংশে পরিণতি সম্পর্কে বলা হয়েছে। এটাই জীবনের হুমকি।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার বিকালে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা ছিল ইমরান খানের। মনে করা হচ্ছিল ওই ভাষণেই ইস্তফার কথা ঘোষণা করতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই ভাষণ বাতিল করেছেন ইমরান।