প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:১৮ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি সময়ে বড় পর্দায় তার উপস্থিতি তেমন একটা নেই। গুটিয়ে নিয়েছেন তার শুটিংয়ের পরিসর। নতুন কিছু শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন নায়িকা।
জানা গেলো, রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন মাহি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। নায়িকার ভাষ্য, ‘শিগগিরই রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছি। পুরোদমে কাজ চলছে।’
মাহি গণমাধ্যমকে জানান, 'তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। দেশি ও বিদেশি নানা ধরনের খাবারের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।
নায়িকা যোগ করেন, 'সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি, তাই আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও করেছি।'
মাহির রেস্টুরেন্টের নাম ‘ফারিশতা’। আসছে রোজার শুরুতেই রেস্টুরেন্টটি চালু করতে যাচ্ছেন নায়িকা। তার ভাষ্যমতে, ‘খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না। এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। রোজার শুরুতেই হরেক রকমের ইফতার বিক্রি শুরুর মধ্য দিয়েই রেস্টুরেন্টের যাত্রা শুরু করছি।’