প্রোটিয়াদের মাটিতে প্রথম টেস্ট কাল
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:১৩ পিএম


আগামীকাল শুরু উজ্জীবিত বাংলাদেশ দলের টেস্ট সিরিজ। প্রায় ৫ বছর পর এই ফরম্যাটে মুখোমুখি হবে দু’দল। দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দল।

তবে নির্ভার থাকছেন না মুশফিক-মুমিনুলরা। ফরম্যাট আলাদা হওয়ায় বেশ সতর্ক রাসেল ডমিঙ্গো শিষ্যরা। আর স্বাগতিকদের প্রতিশোধের সিরিজ। ডারবানের কিংসমিডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

বিকেলে শেষ অনুশীলন করবে বাংলাদেশ। ডারবানের কন্ডিশন সিমিং হলেও স্পিনাররাও বাড়তি সুবিধা পায়। সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম থাকতে পারেন একাদশে। দু’জন স্পিনার নিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের। আইপিএল খেলতে অধিকাংশ ক্রিকেটার চলে যাওয়ায় অনেকটা আনকোড়া দল নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। 

এর আগে কখনোই দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। টেস্টে ১২ বার মুখোমুখি হয়েছে দু’দল। ১০ ম্যাচে জিতেছে প্রোটিয়ারা। যার আটটি ইনিংস ব্যবধানে। আর দুটি টেস্ট ড্র।

ওয়ানডেতে সিরিজ জয়ের পর টেস্টেও ভালো কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ টিম টাইগার্স। এ সিরিজে ভালো করলে আগামীতে বোর্ডের পক্ষ থেকে টেস্ট দলের ক্রিকেটাররা বিশেষ সুবিধা পাবেন উল্লেখ করে বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন, ‘টেস্টে ইদানীং আমরা খুব একটা খারাপ করছি না, ভালোই করছি। তবে ইতিহাস বলছে আমরা টেস্টে খুব একটা ভালো না, টি-টোয়েন্টিতেও। আমরা টেস্ট দলকে আলাদাভাবে ট্রেনিং করানোর চেষ্টা করছি, সঙ্গে যথার্থ কোচিং স্টাফ রেখে ভিন্নভাবে ট্রেনিং করানোর পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করব টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতি করা যায় কি না। এই সিরিজ দিয়ে বুঝতে পারব কে কীভাবে করছে।’

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল নিয়ে বিশেষ পরিকল্পনা করে বাংলাদেশের। যারা শুধু টেস্ট ফরম্যাটের ক্রিকেটার সফরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় নিয়ে তাদের ক্যাম্প করায় বিসিবি। নিজেদের খরচে জোহানেসবার্গে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের অ্যাকাডেমিতে প্রায় ১১ দিন চলে এই অনুশীলন ক্যাম্প। এবার টেস্টে ভালো করলে বিদেশে প্রতিটি টেস্ট সিরিজের আগে এমন ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতি দেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন, ‘এসব ট্রেনিংয়ের প্রভাব কীভাবে পড়েছে তা এই দুই টেস্টে বোঝা যাবে। যদি দেখি ভালো প্রভাব পড়েছে, চেষ্টা করব সবসময় বিশেষ করে টেস্ট দলকে এভাবে ট্রেনিং করানোর।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft