প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৬:১৫ পিএম

রুশ যুদ্ধ বিমানের হামলা ঠেকাতে ইউক্রেনে বিশ্বের দ্রুততম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা এরইমধ্যে লেজার গাইডেড এই ক্ষেপণাস্ত্র চালনার প্রশিক্ষণ শেষ করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেছেন, সর্বাধুনিক স্টারস্ট্রিক ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৫ হাজার কিলোমিটারের বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
বেলফাস্টে তৈরি এই মিসাইল প্রথমবারের মতো যুদ্ধাঞ্চলে পৌঁছেছে এবং অবিলম্বে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিরুদ্ধে এর ব্যবহার শুরু করবে। রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে ব্রিটেনের প্রতিরক্ষা শিল্প উল্লেখযোগ্যভাবে উপকৃত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। খবর দ্য ন্যাশনাল নিউজের।
রোববার ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাতকারে ওয়ালেস বলেন, এ ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো- আপনি যত বেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের দিকে এগিয়ে যাবেন, সেগুলো ব্যবহারের জন্য আপনাকে তত বেশি প্রশিক্ষণের প্রয়োজন হবে।
এ সময় তিনি আরও বলেন, এরইমধ্যে ইউক্রেনীয় বাহিনীকে সাহায্য করার জন্য ব্রিটেন ১০ হাজারেরও বেশি ট্যাংক এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। যা ইউক্রেনে অন্য কোনো দেশের পাঠানো সাহায্যের চেয়ে অনেক বেশি।
অন্যান্য সারফেস-টু-এয়ার মিসাইল থেকে স্টারস্ট্রিক মিসাইল বেশ ভিন্ন। এটি অন্যগুলোর মতো তাপ অন্বেষণের পরিবর্তে লেজার বিম-গাইডেন্স সিস্টেম অনুসরণ করে। যার ফলে ম্যাগনেসিয়াম ফ্লেয়ার ছুড়ে এই মিসাইলকে প্রতিহত করা সম্ভব হয় না।
সাত কিলোমিটার রেঞ্জের এই মিসাইল শব্দের গতির চেয়ে তিনগুণ বেশি গতি সম্পন্ন। এছাড়া প্রতিটি ক্ষেপণাস্ত্রে তিনটি টাংস্টেন-অ্যালয় ডার্ট রয়েছে যার প্রতিটির ওজন ৪৫০ গ্রাম।