প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৯:০০ পিএম

পূর্ব সুন্দরবনের নীলবাড়ীয়া এলাকা থেকে ৮ কেজি হরিণের মাংসসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বনবিভাগ। সোমবার দুপুরে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা ইঞ্জিন চালিত নৌকাসহ ওই মাংস জব্দ করেন। তবে হরিণ শিকারি চক্রের কেউকে আটক করতে পারেননি অভিযানকারীরা।
সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিম দুই এর টিম লিডার ও শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, স্মার্ট পেট্রোলিংয়ের সদস্যরা সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় নীলবাড়ীয়া খালে একটি ইঞ্জিন চালিত নৌকা দেখে তাদের সন্দেহ হয়। তারা সন্দেহভাজন ওই ট্রলারের দিকে যেতে শুরু করলে শিকারীরা দূর থেকে বনরক্ষীদের দেখে ইঞ্জিন চালিত নৌকা ফেলে বনের গহীনে পালিয়ে যায়।
পরে ওই ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশি করে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এছাড়া শিকারীদের ইঞ্জিন চালিত নৌকায় দুই শতাধিক মাছ ধরা বরশি ও তাদের ব্যবহৃত বিভিন্ন মালামাল পাওয়া যায়। পরে মালামালসহ জব্দকৃত ইঞ্জিন চালিত নৌকা ও হরিণের মাংস দুবলা জেলে পল্লী টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে ও বনবিভাগরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাংস দুবলা অফিস সংলগ্ন এলাকায় মাটি চাপা দেয়া হয়েছে।