প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ১:৩৩ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুকু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অাহত হয়েছেন নুকু মিয়ার স্ত্রী রেহেনা বেগমসহ (৪৫) অারও তিনজন। এদের মধ্যে দুইজন কিছুটা চোট পেলেও রেহেনা বেগমের অবস্থা গুরুতর। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা-মানিকগঞ্জ অাঞ্চলিক সড়কের গোয়ালবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুকু নিয়া (৫৫) উপজেলার গালা ইউনিয়নের হাটবাসুদেবপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অটেরিকশাটি চারজন যাত্রী নিয়ে মানিকগঞ্জ থেকে ঝিটকা অাসছিলো। অপরদিকে ট্রাকটি ঝিটকা থেকে মানিকগঞ্জ যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুকু মিয়ার ডান হাত দ্বিখন্ডিত হয়। তার স্ত্রী রেহেনা বেগমও গুরুতর অাহত হন। তাদের দুজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে নুকু মিয়া মারা যান। রেহেনা বেগম সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে ট্রাক চালককে আটক করে পুলিশ হেফাজতে দেয়।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে হরিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়রা ট্রাকের চালক মো. মোতালেবকে (৫২) অাটক করে ট্রাকসহ পুলিশের হেফাজতে দিয়েছে।