প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:০৫ পিএম

ইউক্রেনে আবার কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। দেশটির জ্বালানি মজুতের স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে রুশ বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।
এ নিয়ে টানা দুই দিন ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এটি রুশ বিজ্ঞানীদের তৈরি নতুন ক্ষেপণাত্র। যার গতিবেগ শব্দের চেয়েও ১০ গুণ বেশি।
রোববার (২০ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, দ্বিতীয় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে দেশটির সেনাবাহিনীর জ্বালানি মজুতের স্থাপনাকে ধ্বংস করা হয়েছে।
তারা আরও বলেন, কিনঝাল…হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনে জ্বালানি ও লুব্রিকেন্ট মজুতের স্থাপনা ধূলিসাৎ করা হয়েছে। সেখানে ইউক্রেনীয় সেনাবাহিনী সেগুলো রাখতো। স্থাপনাটি মিকোলাইভ অঞ্চলের কোস্তিয়ান্তিনিভকার কাছে অবস্থিত।
তবে তাদের দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। যদিও রাশিয়ার কর্মকর্তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন।