ইউক্রেনে রাশিয়ার সামরিক সরঞ্জাম পাঠাতে তুরস্ককে চাপ যুক্তরাষ্ট্রের
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৫:০১ পিএম


একসময় যে ‘এস-৪০০’ নিয়ে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র তুরস্কের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিল, এখন সেই ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’কে ইউক্রেনে চলমান রুশ হামলা মোকাবিলায় ‘কাজে লাগাতে চাচ্ছে’ বাইডেন প্রশাসন।

রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় যুক্তরাষ্ট্র তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের যৌথ প্রকল্প থেকে বের করে দেয়। সেই সঙ্গে ন্যাটোভুক্ত দেশটির ওপর চাপিয়ে দেয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা।

বার্তা সংস্থা রয়টার্স ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে শনিবার জানায়, তুরস্কের কাছে থাকা রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যায় কিনা, সেই সম্ভাবনা অনানুষ্ঠানিকভাবে সামনে আনছে যুক্তরাষ্ট্র। ৩টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, কয়েকজন মার্কিন কর্মকর্তা গত মাস থেকেই তুরস্কের কর্মকর্তাদের মধ্যে এই ভাবনা ছড়িয়ে দিয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বা সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।

চলতি মাসের শুরুতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের তুরস্ক সফরের সময় এ বিষয়টি সামনে আনা হয়। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে বাইডেন প্রশাসন আক্রান্ত দেশটিকে রক্ষায় রাশিয়ার তৈরি 'এস-৩০০' ও 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য মিত্রদের অনুরোধ করে আসছে।

বিশ্লেষকরা মনে করেন, হোয়াইট হাউসের এমন অনুরোধ নিঃসন্দেহে তুরস্ককে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শেরম্যান ইউক্রেনের সমর্থনে যুক্তরাষ্ট্র ও মিত্ররা কীভাবে কাজ করতে পারে এবং যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নত করা যায়, সেসব বিষয়ে কথা বলেছেন।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী শেরম্যান তুর্কি সংবাদমাধ্যম হাবেরতুর্ককে বলেন, ‘এটা সবাই জানেন যে, তুরস্কের সঙ্গে এস-৪০০ নিয়ে যুক্তরাষ্ট্রের মতবিরোধ আছে। তবে এ সমস্যা সমাধানে নতুন পথ বের করা যেতে পারে।’

ফেলাডেলফিয়ার পররাষ্ট্রনীতি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অ্যারন স্টেইন রয়টার্সকে বলেন, তুরস্ক যেন ধারালো ছুরির ওপর দিয়ে হাঁটছে। যদি এস-৪০০ ইউক্রেনে পাঠানো হয়, তাহলে নিঃসন্দেহে তারা মস্কোর রোষানলে পড়বে। এরদোয়ানের কাছে রাশিয়ার ‘এস-৪০০’ তুরস্কের সার্বভৌমত্বের প্রতীক। তাই এটি হস্তান্তর আঙ্কারার জন্য সহজ হবে না।

গত সেপ্টেম্বরে এরদোয়ান রাশিয়া থেকে 'এস-৪০০'র দ্বিতীয় চালান নেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তার প্রক্রিয়াও যে সঙ্গে সঙ্গে থেমে যাবে তা বলাই বাহুল্য। এ ছাড়াও, রাশিয়ার তৈরি এমন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে।

তবে এস-৪০০ ব্যবস্থা ইউক্রেনে ব্যবহারের বিষয়ে তুরস্কের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft