বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:০০ পিএম

জুনে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। তবে বিশ্রামে রাখা হয়েছে দলের তিন প্রধান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে। তাদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও থাকছেন না অভিজ্ঞ এই তিন পেসার। দুই সফরের দলেই সুযোগ পেয়েছেন কয়েকজন নতুন ক্রিকেটার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক অলিভার পিক এবং অলরাউন্ডার লিয়াম স্কট।

অলিভার পিক চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করে নজর কাড়েন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনো বড় কোনো সাফল্য নেই, তারপরও প্রতিভার কারণে ১৯ বছর বয়সী এই ব্যাটারকে দলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড

আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে পড়া কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিন ও লখনৌ সুপার জায়ান্টসের জশ ইংলিস থাকছেন দুই সফরের স্কোয়াডে। এছাড়া ট্রাভিস হেড, কুপার কনলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডোয়ার্শুইস আইপিএল শেষ করে সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।

নতুন মুখ লিয়াম স্কট সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কাড়েন। ২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ওয়ানডে কাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। একই মৌসুমে শেফিল্ড শিল্ডেও ছিলেন সেরা পারফর্মারদের একজন। এছাড়া বিগ ব্যাশেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন এই ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

দীর্ঘ সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার বিলি স্ট্যানলেক। তবে তাকে রাখা হয়েছে শুধু পাকিস্তান সফরের দলে। এছাড়া স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্টও থাকছেন পাকিস্তান সিরিজে।

আরও পড়ুন : অশালীন শব্দ ব্যবহার করায় শাস্তির মুখে কোহলিদের কোচ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩০ মে, ২ জুন ও ৪ জুন। এরপর বাংলাদেশে এসে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ৯, ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি নতুনদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেবে। তার মতে, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে উপমহাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন : শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানসিটি

বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft