প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ পিএম

জেলার কোটালীপাড়ায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
গতকাল সোমবার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের এজি চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে জানা গেছে, কান্দি এজি চার্চে সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩শ’ ২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে।
এ সকল শিশু-কিশোরকে দুপুর ২টার দিকে বিরিয়ানী খাবারের প্যাকেট দেয়া হয়। এই বিরিয়ানীর প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকগণ কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেয়া হয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, সন্ধ্যা থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সম্যসা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যজনিত সমস্যা থেকে এরা অসুস্থ হয়েছে।