প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৪:২৭ পিএম

ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার অপর তিন যাত্রী।
নিহতরা হলেন- উপজেলার দাড়িয়াকান্দি এলাকার মৃত সাহু মিয়ার ছেলে অটোরিকশাচালক কালু মিয়া (৪২) ও যাত্রী রামদী ইউনিয়নের বড়চরা গ্রামের মো. হেলাল মিয়া (৪৫)।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যান চালক ও যাত্রীরা।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ করেন। এ সময় আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ পরিবারের অনাপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে চারজন যাত্রী নিয়ে কটিয়াদী যাওয়ার সময় পথিমধ্যে ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি পেট্রল পাম্পের কাছে পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ভৈরব অভিমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালক কালু মিয়া ও যাত্রী হেলাল মিয়া।
ভৈরব হাইওয়ে থানার এসআই হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে স্থানীয় জনতা ও কুলিয়ারচর থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিবারের ময়নাতদন্তে আপত্তি থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া মাইক্রোবাসটির নম্বরপ্লেট দেখে চালক ও মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।