সিটি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র: আহত ৩২ শিক্ষার্থী
খন্দকার হানিফ রাজা
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮:৩১ পিএম

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

ঢাকা কলেজের একটি বাসে সিটি কলেজের শিক্ষার্থীদের হামলার জেরে এ সংঘর্ষের ঘটনায় সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকার সড়কগুলোয় অসহনীয় যানজটের সৃষ্টি হয়।ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৪টা থেকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতরা হলেন, শাহরিয়ার (২১), নূর হোসেন (২৪), মো. তুষার (১৮), অনিম (২১), সিজান (১৮), রিফাত (২১), আরাফাত (২১), নিরব (২১), শরিফ (২১), ইয়াকুব (১৮), মেহেদী হাসান (২১), আল ইমরান (১৮), তানভীর (১৮), সুজন (১৮), আরিফ (১৭), মহিউদ্দিন (২৩), তারেক (৩২), তাহসিন (১৮), ফয়সাল (১৮), তরিকুল ইসলাম রাজীব (২৫), মো. আলী (১৭), হাসান (১৮), ইসমাইল (১৮), ফাইয়াদ (১৮), মাহির (১৭), সাকিন (১৮), তানভীর (১৮), তামিম (১৮), তাসফিকুর রহমান (১৭), আশিক (১৮), রাজ (১৮) ও মেহেদী (১৮)।
তবে আহতের সংখ্যা আরও বেশি। আহত বেশ কয়েকজনকে অন্য কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এসেছেন। কেউ কেউ চিকিৎসা সেবা নিয়ে চলে গেছেন। কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করেন। পরে দুপুরে ঢাকা কলেজের একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে কাঁচ ভেঙে দেয়া হয়।

ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আরেফিন প্রিয় জানান, বুধবার আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে হেঁটে বাসায় ফেরার সময় ধানমন্ডি ১ নম্বর রোডে ১০-১৫ জন কলেজ ছাত্র দৌড়ে এসে আমার মাথার পেছন দিকে আঘাত করতে শুরু করে। শার্টের পকেট ছিঁড়ে আইডি কার্ড ছিনিয়ে নেয়। আমি তাদের বলি, ভাই আমি তো কিছুই করিনি, তাহলে কী সমস্যা। তারা বলল, এইটা কলেজে কলেজে মারামারি, তুমি বুঝবে না। ছেলেগুলো কলেজ ড্রেস পরে ছিল কিন্তু গলায় কোনো আইডি কার্ড ছিল না। সাদা শার্ট-কালো প্যান্ট ও ঘাড়ে ব্যাগ ছিল। আশপাশের মানুষের মন্তব্যে বোঝা গেছে তারা সিটি কলেজের ছাত্র। 

ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা। বিকেল সোয়া ৩টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে গেলেও এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত করতে ধাওয়া দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক লাঠিপেটা করতেও দেখা গেছে। ধাওয়া খেয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভেতরে অবস্থান নিয়ে সেনাবাহিনী ও পুলিশের ওপর চড়াও হন। এসময় কলেজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের লক্ষ্য করে বেশ কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পরে ক্যাম্পাসে পুলিশ ও সেনাবাহিনীর প্রবেশ নিয়ে শিক্ষার্থীরা আপত্তি জানালে সেনাবাহিনীর সদস্যরা বাইরে চলে আসেন।
দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। সংঘর্ষ এড়াতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রাস্তার দুই পাশে অবস্থান করছে। টানা দুই ঘণ্টা ধরে শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ চলছিল। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর তৎপর হতে দেখা গেছে।


বিকেলে সরেজমিন দেখা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই তারা একপক্ষ অপর পক্ষকে ধাওয়া দিচ্ছেন, ইট-পাটকেল ছুঁড়ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।

এই সংঘর্ষের ঘটনায় সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, গত মঙ্গলবার সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজ শিক্ষার্থীর হাতাহাতি হয়। এর জের ধরে বুধবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে ভাঙচুর চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল পৌনে ৩টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন। তারা সায়েন্স ল্যাবের দিকে এগোয়। তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবের আশপাশের সড়কগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনো উত্তেজনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আরও জানা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগসহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজের বাস যেতে তারা বাধা দেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের 'শঙ্খনীল' নামে একটি বাস ভাঙচুর করে। এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্সল্যাবে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে এখনও সংঘর্ষ চলছে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। 

এর আগে ২৮ অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগসহ ৭ দফা দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ ২০ দিন সিটি কলেজ বন্ধ ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ। এরপর ১৯ নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়। গত শনিবার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিটি কলেজ-ঢাকা কলেজ   সংঘর্ষে আহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft