প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৫:১৯ পিএম আপডেট: ১১.১০.২০২৪ ৫:৩৩ পিএম

দেশের ১২ জেলায় রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে অপর এক আবহাওয়ার বার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করেছে আবহাওয়া অফিস।